Main Menu

সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রী হয়রানি, ১ জনের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ী পার্কিং এলাকায় বিমানবন্দরের লোডার-পোর্টার পরিচয় দিয়ে যাত্রীদের মালামাল পরিবহনের নামে ট্রলির পিছু নিয়ে যাত্রীদের উত্যক্ত ও হয়রানির অভিযোগে একজনকে আটক করে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ।

ঘটনার বিষয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিদেশ থেকে আগত একাধিক ফ্লাইটের যাত্রীরা লাগেজ ট্রলি ব্যবহার করে গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় লোডার পরিচয়দানকারী ওই ব্যক্তি যাত্রীদের লাগেজের পিছু নিয়ে হাঁটা, অনুমতি ছাড়া ট্রলি ধরা, জোরপূর্বক লাগেজ গাড়িতে তোলার চেষ্টা করেন এবং নানা উপায়ে যাত্রীদের হয়রানি করছিলেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে কর্তব্যরত এপিবিএন ও আনসার সদস্যগণ তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দুই বছর ধরে লোডার পরিচয়ে বিমানবন্দরে এমন কর্মকান্ড করে আসছেন বলে ভ্রাম্যমাণ আদালতে স্বীকার করেন। এর আগেও একই ধরনের কার্যকলাপের জন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে জানা গেছে। অন্যদিকে গত আগস্টে একই অভিযোগে ৫ জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

Share





Related News

Comments are Closed