Main Menu

হঠাৎ বন্ধ টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের অন্যতম অনলাইন উড়োজাহাজ টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ হঠাৎ বন্ধ হয়ে গেছে। ওয়েবসাইট ও কার্যালয় অচল হয়ে পড়ায় বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি, যারা অগ্রিম টাকা পরিশোধ করেও টিকিট হাতে পাননি।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের অফিসে ভিড় করেন অসংখ্য এজেন্সি প্রতিনিধি ও গ্রাহক।

অনেকেই কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু এখন নিশ্চিত নন- সেই টিকিট বা টাকা আদৌ ফেরত পাবেন কি না।

ইউনিয়ন ট্রাভেলস নামের একটি এজেন্সির মালিক বলেন, ‘সব শেষ ভাই, আমার ২৫-৩০ লাখ টাকা নাই।’

২০১৭ সালে যাত্রা শুরু করা ফ্লাইট এক্সপার্ট দেশি-বিদেশি উড়োজাহাজ টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিত।

তবে সরাসরি এয়ারলাইনসের কাছ থেকে নয়, বরং মধ্যস্থতাকারী দুটি এজেন্সির মাধ্যমে টিকিট সংগ্রহ করত তারা।

এখন অভিযোগ উঠেছে, সেই দুটি এজেন্সি টিকিট রিফান্ড করে টাকা তুলে নিচ্ছে, ফলে গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন।

এমতাবস্থায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ একটি ফেসবুক গ্রুপে দাবি করেন, ‘তাঁর দুই কর্মকর্তা তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি নিজেকে বাঁচাতেই প্রতিষ্ঠান বন্ধ করে দেশ ছাড়ছেন।’

তবে হোয়াটসঅ্যাপে সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘গ্রাহক টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকিট পান, তাই পালানোর সুযোগ নেই।’

অন্যদিকে ফ্লাইট এক্সপার্টের হেড অব কমার্শিয়াল সাঈদ আহমেদ বলেন, ‘মালিকপক্ষই টাকা নিয়ে পালিয়েছে। এখন হাজারো গ্রাহক ও এজেন্সি কোটি টাকার ক্ষতির মুখে।’

তিনি জানান, তাঁরা মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মতিঝিল থানায় করা জিডিতে সাঈদ দাবি করেন, শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে সালমান পরিবারসহ বিদেশে পালিয়ে যান এবং হোয়াটসঅ্যাপে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।

মতিঝিল সিটি সেন্টারের নিরাপত্তাকর্মীরাও জানিয়েছেন, এমডি সালমান তিন দিন ধরে অফিসে অনুপস্থিত।

এক এজেন্সির কর্মকর্তা বলেন, ‘ছোট এজেন্সিগুলো টিকিটের জন্য বড় প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে বাধ্য। এখন সেই নির্ভরতাই আমাদের সর্বনাশ করেছে।’

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Share





Related News

Comments are Closed