Main Menu

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থাকা ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক ১৩টি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমন গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে ‘পলায়নের অপরাধে অভিযুক্ত’ হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তের মেয়াদে সংশ্লিষ্ট কর্মকর্তারা খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘৫ আগস্টের পর থেকেই এসব পুলিশ কর্মকর্তা কর্মস্থলে আসেননি। অনেকেই গা ঢাকা দিয়েছেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার টানা আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের মুখে পড়ে। এরপর অনেক পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মী দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আন্দোলন দমনে ভূমিকা রাখা আইনশৃঙ্খলা বাহিনীর একাংশও এরপর আত্মগোপনে চলে যান।

Share





Related News

Comments are Closed