Main Menu

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিহত মনি আক্তার (২২) হবিগঞ্জের বাহুবল থানার খড়িয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি স্বামী তাজুল ইসলামের (২৮) সঙ্গে সিলেট শহরতলীর খাদিমপাড়া ২ নম্বর রোডের আলা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাজুল ইসলাম একই উপজেলার খড়িয়া শংকরপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, শনিবার (২১ জুন) সন্ধ্যায় ওই বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘরের একটি দরজা ভেতর থেকে আটকানো থাকলেও অন্যটি খোলা ছিল।

তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই পারিবারিক কলহ চলছিল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে স্বামী তাজুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। রোববার (২২ জুন) আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed