ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করলো জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। এই উত্তেজনার মাঝেই আবারও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। শিশুদের বিরুদ্ধে সংঘাতকালীন গুরুতর সহিংসতার অভিযোগে জাতিসংঘ ইসরায়েলকে ফের ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে।
জাতিসংঘের বার্ষিক প্রতিবেদন ‘চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’-এ বলা হয়েছে, ২০২৪ সালে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুদের ওপর সহিংসতার মাত্রা ছিল অভূতপূর্ব। এই তালিকায় এটি ইসরায়েলের টানা দ্বিতীয় অন্তর্ভুক্তি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বব্যাপী ১৮ বছরের নিচে শিশুদের বিরুদ্ধে ৪১,৩৭০টি গুরুতর সহিংসতা জাতিসংঘ যাচাই করেছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। এর মধ্যে শুধু গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ২,৯৫৯ শিশুর বিরুদ্ধে ৮,৫৫৪টি লঙ্ঘন করেছে- যার ২,৯৪৪ জন ফিলিস্তিনি এবং মাত্র ১৫ জন ইসরায়েলি শিশু।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় ১,২৫৯ শিশু নিহত হয়েছে এবং আরও ৯৪১ জন আহত হয়েছে। এখনও যাচাই করা হচ্ছে আরও ৪,৪৭০ শিশুর মৃত্যুর তথ্য। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিহত হয়েছে আরও ৯৭ শিশু এবং সেখানে ৩,৬৮৮টি সহিংসতা নথিভুক্ত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই সহিংসতাকে ‘স্তম্ভিত করার মতো’ আখ্যা দিয়ে বলেন, জনবহুল এলাকায় বিস্ফোরক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করতে হবে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে এ প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেড- এই দুই গোষ্ঠীকেও জাতিসংঘ একই তালিকায় রেখেছে।
শুধু গাজা নয়, চলতি বছর শিশুদের ওপর সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে কঙ্গো (প্রায় ৪,০০০ শিশু), সোমালিয়া (প্রায় ২,৫০০), নাইজেরিয়া (প্রায় ২,৫০০), হাইতি (প্রায় ২,২০০)।
Related News
ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজ্যের রায়গড়Read More
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More



Comments are Closed