Main Menu

ইশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্রর সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় পৌরসভার দত্তপাড়া ১ নম্বর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বিআরটিসি বাস ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন—আব্দুস সোবহান (৬০), তার ছেলে সবুজ মিয়া (৩০), উভয়ের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামে। অপর নিহত কোহিনূর সুলতানা হাসিনা (৩৫) উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন—সাব্বির (২৭), শিউলি (২৭), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গনী (৫০), রমজান (২৩) ও শাহীন (২৫)।

ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, “বিয়োগান্তক এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed