Main Menu

যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক মানুষ। এ ঘটনায় অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে ফুচকা বিক্রেতা মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফুচকা বিক্রেতা মনির হোসেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আবদুল লতিফ মিন্টুর ছেলে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, ঈদের দিন (৩১ মার্চ) ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে চটপটি ও ফুচকা বিক্রির অস্থায়ী একটি দোকান নিয়ে বসেন মনির হোসেন। সেখানে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খান।

পরবর্তীতে গভীর রাত থেকে পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি, ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন তারা।

ওসি বলেন, পরদিন (১ এপ্রিল) রাত পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

তিনি জানান, এ বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় ফুচকা দোকানিকে আটকের অভিযান শুরু করে থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে ফুচকা বিক্রেতা মনিরকে আটকের পর মাওলানা তানজিম হোসাইন নামের একজন ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা করেন।

এ মামলায়ে আজ (বৃহস্পতিবার) সকালে মনিরকে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে অভয়নগর থানা পুলিশ।-ইউএনবি

Share





Related News

Comments are Closed