Main Menu

সিলেটে ঈদের প্রধান জামাত সাড়ে ৮ টায় শাহী ঈদগাহ মাঠে

বৈশাখী নিউজ ডেস্ক: আজ সোমবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ২৯ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করবে।

সিলেট মহানগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার সকাল সাড়ে ৮টায়।

বিষয়টি নিশ্চিত করে শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া কামরান জানান জামায়াতে ইমামতি করবেন নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত পেশ করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

যথাসময়ে উপস্থিত থেকে প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক। এই জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।

নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

নগরীর টিলাগড়স্থ শাহ মদনী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মদনী ঈদগাহ কমিটির মুতওয়াল্লি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী।

এছাড়া, পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এদিকে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবার শাহী ঈদগাহে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরআগে বাংলাদেশের আকাশে রোববার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর আজ সোমবার উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, রোববার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা আজ তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন।

Share





Related News

Comments are Closed