Main Menu

প্রচণ্ড গরমে ঈদে বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া দপ্তর

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী এক সপ্তাহের মধ্যে দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে সারা দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু তা-ই নয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অফিসের যে তথ্য রয়েছে, তাতে আগামী এক সপ্তাহ সারা দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই সময় হিটওয়েভ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে তাপমাত্রা বেশি থাকবে।

তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে রংপুর ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ বলেই জানান এই আবহাওয়াবিদ।

এ ছাড়া যশোর ও সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এ দিন যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Share





Related News

Comments are Closed