Main Menu

দীর্ঘ ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর রেল চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র থেকে জানা যায়, লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে আটকে পড়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি, ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

স্টেশন সূত্র জানায়, উপবন এক্সপ্রেস শনিবার রাতেই ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা আটকে ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেশিরভাগ যাত্রীরা স্টেশনে রাত কাটান।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি। সেটির যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকেটমূল্য ফেরত দেওয়া হচ্ছে। সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছায়।

রেলওয়ে কর্মকর্তারা আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সারাদিন শিডিউল বিপর্যয় অব্যাহত থাকতে পারে।

দুর্ঘটনার পর রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর মেরামতকাজ এখনও চলছে। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হওয়ায় রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনার পেছনের কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed