সিলেটে হামলার ঘটনার মামলা থেকে ছাত্রদল-যুবদলের ৭০ নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের উপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রায় ৭০ জন নেতাকর্মী আসামি ছিলেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন এ মামলার সব আসামিকে খালাস দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মির্জা মো. ইয়াকুত হোসেন।
তিনি বলেন- বোমা হামলার মামলাটি ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত ছিলো। আমরা সেটি আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। ফলে এ মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন সব আসামি।
খালাসপ্রাপ্ত কয়েকজন হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান ও চৌধুরী মো. সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খান, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রানা ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়া।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের উপর বোমা হামলা হয়েছে অভিযোগ তুলে সেসময় তিনি একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর পর সেই মামলা থেকে খালাস পেলেন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed