Main Menu

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এরআগে, দুপুরে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিকেলে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে। আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ, বিজিবি, র‌্যাব থাকবে প্রয়োজনে সেনাবাহিনীও থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। এদিন সরকারি ছুটিও ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ১৫ আগস্টের ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

মঙ্গলবার দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল হতে পারে। এজন্য প্রজ্ঞাপনও রেডি (প্রস্তুত) করে রাখা হয়েছে। নির্দেশনা পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ১৫ আগস্ট সাধারণ ছুটি না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

Share





Related News

Comments are Closed