Main Menu

সিলেটে রাস্তায় ছাত্রলীগের অবস্থান, কোটা আন্দোলনকারীদের ধাওয়া

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টায় বিকাল ৩টা থেকে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঠেকাতে তারা এ অবস্থান নেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়।

এদিকে, বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজারে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে খবর পেয়ে ছাত্রলীগ গিয়ে তাদের ধাওয়া করে। এসময় শিক্ষার্থীরা সরে যায়।

চাকরির কোটা সংস্কারের দাবিতে দুই সপ্তাহ ধরে সারা দেশে চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন। সে ঢেউ লেগেছে সিলেটেও। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১২ দিন ধরে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে মিছিল, অবস্থান, সড়ক অবরোধ ও মশাল মিছিল।

অপরদিকে, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের যৌক্তিকতার প্রতি সিলেট ছাত্রলীগ প্রথমে সংহতি প্রকাশ করলেও গত ২দিন ধরে মহানগর ও শাবি ছাত্রলীগ আন্দোলনবিরোধী নানা কর্মসূচি পালন করছে। সোমবার রাতেও ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন দিয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের পর শাবিসহ মহানগরীর বিভিন্ন স্থানে কঠোরভাবে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

Share





Related News

Comments are Closed