সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, তৃতীয় দফা বন্যার শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও সিলেটে রোববার থেকে বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরী হয়েছে সিলেট অঞ্চলে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর দেয়া তথ্যমতে সুরমা ও কুশিয়ারা, সারি, সারি গোয়াইন, ডাউকিসহ সব নদ-নদীর পানি রোববার (৩০ জুন) সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্যমতে- সোমবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিদৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এসময় পানি ছিলো বিদৎসীমার ৩০ সেন্টিমিটার উপরে। কিন্তু রবিবার পর্যন্ত এ পয়েন্টে পানি বিদৎসীমার নিচে ছিলো। এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি রয়েছে বিদৎসীমার ৮১ সেন্টিমিটার উপরে।
কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার একাধিক বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, উজানে বৃষ্টির কারণে নদ-নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে লোভা ও ডাউকি নদীর পানি ব্যাপক স্রোতে প্রবাহিত হচ্ছে ও পানি বাড়ছে। নতুন করে সিলেটে ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে আবারও দুর্ভোগে পড়তে হবে বলে ধারণা করছেন তারা।
গোয়াইনঘাটের জাফলং মামার বাজারের ব্যবসায়ী আকবুল মিয়া জানান, গতকাল জাফলংয়ের ডাউকি নদীর পানি অনেক কম ছিলো। উপর থেকে প্রবল বেগে পানি আসছে দেশে। আজ সকালে অনেক পানি দেখা যাচ্ছে।
এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৩৯.৬ মিলিমিটার। এবং শুধুমাত্র আজ সকাল ৬ থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৬৫ মিলিমিটার। এদিকে চেরাপুঞ্জিতেও গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৩১৩ মিলিমিটার।
সংশ্লিষ্টরা বলছেন- সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সিলেট ও ভারতে বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পাহাড়ি ঢলও আসছে। তাই রোববার সকাল থেকে জেলার সব নদ-নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার পানি আরও বেড়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed