Main Menu

সিলেট-ভোলাগঞ্জ সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পাথরবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ আহত হয়েছেন। হতাহতরা সকলেই অটোরিকশা যাত্রী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মোতালিব মিয়ার পুত্র হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিশরপাশা গ্রামের রনুজিৎ সাহার পুত্র পার্থ সাহা (২৩)। পার্থ সাহা কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজারে থাকত।

আহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪৫), দুর্ঘটনায় নিহত হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫), সিলেটের দক্ষিণ সুরমার এখলাছ মিয়া (৪০) ও সিএনজি অটোরিকশা চালক লিমন (২২)। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত পার্থ সাহা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটগামী পাথরবাহী একটি ট্রাক সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক রয়েছে। ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed