Main Menu

সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৪৪ লাখ ১০ হাজার টাকার ভারতীয় চিনির চালানসহ ৪ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন।

গ্রেফতারকৃতরা হলো- মো. এরশাদ শেখ (৪০), মো. গিয়াস ওরফে মরামানিক (২০), মো. স্বপন ইসলাম (৩২) ও মো. শাহজাহান (২৭)।

সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা অতিক্রম করে এই বিপুল পরিমাণ চিনির চালান এসএমপির সীমানায় প্রবেশ করলে মহানগর ডিবির চৌকস টিমের হাতে ধরা পড়ে।

ডিবি সূত্র জানায়, বুধবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে শাহপরান থানাধীন পুরাদপুর পয়েন্টে অবস্থান নেন মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম। এ সময় ঢাকা-মেট্রো-ট-১৫-০৫৮২ এবং ঢাকা-মেট্রো-ট-১৮-০৩৪৭ ট্রাক দুটিতে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। এ সময় একটি ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তা মোট ৭৩৫ বস্তা চিনি জব্দ করে জড়িত চারজনকে আটক করে ডিবি পুলিশ। জব্দকৃত চিনির বাজার মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি-মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed