Main Menu

নির্বাচন পর্যন্ত রাজনৈতিক সভার অনুমতি নিষিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: ১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলের সভা-সমাবেশসহ কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে এমন কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিব।

ওই চিঠিতে বলা হয়, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর হতে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা বাদে নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটারগণ ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।

 

Share





Related News

Comments are Closed