Main Menu

সিলেটে হরতালে ছাত্রলীগের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, ৬ ছাত্রদল নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে অবরোধ ও হরতালের সমর্থনে জেলরোড এলাকা থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি বন্দরবাজারে এলে মহাজনপট্টি থেকে শিবিরের মিছিলও একই পয়েন্টে আসে।

হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের একটি মিছিল ও স্বেচ্ছাসেবক লীগের একটি মোটরসাইকেল মিছিল বিপরীত দিক থেকে শান্তি সমাবেশের দিকে যাচ্ছিল, হঠাৎই তাদের ওপর একযোগে হামলা করে যুবদল ও শিবিরের কর্মীরা। এসময় কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আহত হয়। ভাঙচুর করা হয় কয়কটি যানবাহন।

এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মিলিত হয়ে বিএনপি-জামায়াতকে ধাওয়া দিলে পিছু হটতে বাধ্য হয় তারা। এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বন্দরবাজারে ছাত্রদল-ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৬ ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় বন্দরবাজারের লালবাজার থেকে পুলিশ তাদের আটক করে কোতয়ালি মডেল থানায় নিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যারা বিশৃংখলার চেষ্টা করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ৬জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে একই সময়ে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের আলীনগর-সাবসেন এলাকায় বিএনপি-ছাত্রলীগের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় কয়েজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। তবে আহতদের কারোরই নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেছে। এতে একজন আহত হয়েছেন বলে শুনেছি। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Share





Related News

Comments are Closed