Main Menu

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ম্যানেজারের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজারে বিরতি ফিলিং স্টেশনে কমপ্রেসার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে রুমেল সিদ্দিক নামে একজন ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুমেল সিদ্দিক (২৮) সিলেট বিমানবন্দর থানাধীন কোরবানটিলা এলাকার বাসিন্দা। তিনি ওই পেট্রোল পাম্পের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

রুমেল সিদ্দিকের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে তার চাচাতো ভাই আহমেদ শাহনুর বলেন, দগ্ধ ৪ জন আশংকাজনক অবস্থায় ছিলেন। এর মধ্যে আমার ভাই আজ (সোমবার) রাত সাড়ে ৭টার দিকে মারা গেছেন।

তিনি বলেন, রাতেই আমরা ঢাকা থেকে লাশ সিলেটে নিয়ে আসার চেষ্টা করছি।

নগরীর ওই ফিলিং স্টেশনে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণের ঘটনায় ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৭ জন ফিলিং স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন দগ্ধ ৯ জনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের শরীরের ১৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

দগ্ধ অন্যরা হলেন- শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন ও মুহিন; সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ ও রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া ও লুৎফুর রহমান।

ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন জানান, ঘটনার দিন সন্ধ্যার পর কার্যক্রম শেষ করে সবাই পাম্প বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কমপ্রেসর কক্ষের একটি বাল্ব চেক করার সময় বিস্ফোরণ ঘটে।

Share





Related News

Comments are Closed