Main Menu

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

বুধবার (১৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারপ্রাপ্তরা হলেন- আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুর।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, “সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যু পর এসব নেতাকর্মী ফেইসবুকে পোস্ট দিয়েছেন। যা ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি। তাই তাদেরকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে সুপারিশ করা হয়েছে।”

যুদ্ধাপরাধী দেলোয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

Share





Related News

Comments are Closed