Main Menu

সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াতের ৫ কর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াত-শিবিরের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

জামায়াত নেতারা জানান, শনিবার নগরীর রেজিস্ট্রারি মাঠে তাদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের আগে শুক্রবার সকালে রেজিস্ট্রারী মাঠ পরিদর্শন করতে যান নেতাকর্মীরা। পরিদর্শন শেষে তাদের নেতাকর্মীদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের সিদ্দিক আহমদের ছেলে আজিজুল ইসলাম (৪৩), বালাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এএসএম রুবেল (২৩), কানাইঘাটের বড়দেশ গ্রামের আলী আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), নগরীর উত্তর বাগবাড়ি এলাকার মৃত এরফান উদ্দিনের ছেলে আবুবকর সিদ্দিক (৫৮) ও শান্তিগঞ্জ উপজেলার বাগেরকোনা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাইদুল ইসলাম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, রেজিস্ট্রারি মাঠ থেকে ৫ জনকে থানায় নেওয়া হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কোন নাশকতার সাথে জড়িত কি না বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে শনিবার (১৫ জুলাই) রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামি। তবে এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। সার্বিক বিষয় মাথায় রেখে সমাবেশস্থলসহ নগরীর কয়েকটি সড়কে মহড়া দিচ্ছে পুলিশ ও সিআরটির যৌথ দল।

পুলিশ জানায়, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই নগরীতে মহড়া পরিচালিত হচ্ছে।

নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশের ঘোষণা দিয়েছে। এনিয়ে পুলিশ প্রশাসনের অনুমতি চাইলেও এখন পর্যন্ত তারা পায়নি। তবে অনুমতি না পেলেও জোর করে হলেও সমাবেশ করার কথা জানিয়েছিলেন দলটির একাধিক নেতা।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দলটি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে অনুপস্থিত। সরকারের কঠোর অবস্থানের কারণে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ঝটিকা মিছিল আর গোপন সভার মধ্যেই সীমাবদ্ধ তাদের সাংগঠনিক কার্যক্রম।

তবে গত ১০ জুন প্রশাসনের অনুমতি নিয়েই রাজধানীতে কর্মসূচি পালন করেছিল তারা। ওই কর্মসূচির পর সিলেটে সমাবেশ আহ্বান করে দলটি। ১৫ জুলাই দুপুরে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে এই সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে ৫ জুলাই এসএমপিতে আবেদন করে জামায়াত। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জামায়াতকে কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেছেন, ‘জামায়াতের আবেদন পেয়েছি। তবে তাদের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে। তাই জামায়াতকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed