Main Menu

জৈন্তাপুরে বাস-টমটমের সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে বাস ও টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দরবস্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

দূর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে জাফলংগামী গেইটলক বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৬৯৫) দরবস্ত পল্লীবিদ্যুৎ এর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটমের দুইজন যাত্রী নিহত হন। এছাড়া আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান।

এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। খাদে পড়া বাস উদ্ধারে জৈন্তাপুর ও বটেশ্বর ফায়ারসার্ভিস কর্মীরাসহ স্থানীয় জনতা কাজ করছেন।

পাশাপাশি জৈন্তাপুর থানা পুলিশও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। ৫ জন নিহতের খবর পেয়েছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি।’’

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে একটি বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী টমটমের সাথে সংঘর্ষ হয়। টমটমে ৭ যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed