Main Menu

ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে ট্রাক-পিকআপন ভ্যান সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের ফুলকড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩০), একই জেলার সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সুবুজ আলীর ছেলে রাব্বি (২৫), নাটোরের বেড়াবাড়িয়া এলাকার সোহরাব আলীর ছেলে রানা (৩২) ও নাটোরের বাগাতিপাড়া থানার তমালতলা এলাকার শরিফুল ইসলামের ছেলে আয়ান (৪)।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গরু বিক্রি করে একটি পিকআপ ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময় রাজশাহীর দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পুকুরপাড় এলাকায় সেই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আছেন। মরদেহগুলো উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

 

Share





Related News

Comments are Closed