Main Menu

নওগাঁয় বজ্রপাতে ৪ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর পত্নীতলা ও পোরশায় পৃথক বজ্রপাতে চারজন নিহত হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে জেলার পত্নীতলা উপজেলায় তিনজন এবং পোরশা উপজেলায় একজন নিহত হয়েছেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে খাদেমুল ইসলাম (৪৫) এবং মো. হাবিবুর রহমানের ছেলে মো. মোতাহার হোসেন (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, অন্যদিকে একই উপজেলার দিবর ইউনিয়নের ছোটমহারন্দী গ্রামের ছয়ফুদ্দিন মণ্ডলের ছেলে মাসুদ রানা (১৯) বাড়ির পাশের আম বাগানে বিষ স্প্রে করে আসার সময় বজ্রপাতে নিহত হয়েছেন।

অন্যদিকে, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, বিকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়ায় নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবার গুলোর কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে পত্নীতলা ও পোরশা থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Share





Related News

Comments are Closed