সিলেটে দুই ট্রাভেল এজেন্সিকে দেড় লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে ফের অভিযান শুরু করেছে সিলেটের জেলা প্রশাসন। রোববার (৩০ এপ্রিল) অভিযান চালিয়ে নগরের দুটি অবৈধ ট্রাভেল এজেন্সিকে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যামাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রবাসী অধ্যুষিত সিলেটের তরুণ ও যুবকরা উন্নত জীবনের স্বপ্ন দেখে বিদেশে পাড়ি জমান। সেই স্বপ্নকে ব্যবহার করে সিলেটে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ট্রাভেল এজেন্সি। এ ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মানবপাচার, অবৈধভাবে বিদেশ যেতে প্রলুব্ধ করা, টাকা নিয়ে বিদেশ না পাঠানোসহ বিভিন্ন গুরুতর অভিযোগ পাওয়া আছে।
আর এসব অবৈধ ট্রাভেল এজেন্সির দৌরাত্ম্য ঠেকাতে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে মহানগরের বন্দরবাজার এলাকার সুরমা টাওয়ারে অভিযান চালানো হয়। এ সময় এসবি আল করিম ইন্টারন্যাশনাল এয়ার ও মদিনা ইন্টারন্যাশনাল নামের দুটি ট্রাভেল এজেন্সিকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম। তিনি জানান, এ দুটি এজেন্সি মেয়াদ উত্তীর্ণ ও লাইসেন্সবিহীন অবস্থায় কার্যক্রম পরিচালনা করছিলো।
উল্লেখ্য, সুরমা টাওয়ারে অসংখ্য নামী-বেনামী বৈধ-অবৈধ ট্রাভেল অ্যাজেন্ট তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায়ই এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে হই-হুল্লোড় চিৎকার চেচামেচি, এমনকি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। প্রায়ই বিভিন্ন অ্যাজেন্সিতে কাষ্টমাররা দলবল নিয়ে এসে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এ ধরনের ঘটনা অহরহ ঘটে।
ভুক্তভোগীদের সাথে আলাপকালে তারা জানান, এসব ট্রাভেল অ্যাজেন্টের মালিকদের কথাও কাজে তেমন একটা মিল থাকেনা। তারা বিভিন্ন ধরনের ধান্দাবাজীর সাথে সম্পৃক্ত বলেও জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed