Main Menu

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ১

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক।

শনিবার (১ এপ্রিল) রাতে উপজেলার শমসেরনগর সীমান্তের মেইন পিলারে কাছে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৫০) উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে। গুলিবিদ্ধ শহিদুল (৩০) উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে। তিনি গোপনে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাংলাদেশি চার থেকে পাঁচজন ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ এলাকায় প্রবেশ করে। এ সময় টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর দুই রাউন্ড গুলি করে। এতে রবিউল মারা যান আর শহিদুলের বামপায়ে গুলিবিদ্ধ হন।

৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান জানান, শনিবার রাতে পাটগ্রামের ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারির সময় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। অপরজন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সীমান্ত থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed