Main Menu

ফেঞ্চুগঞ্জে অগ্নিকান্ডে ৮টি দোকান ভষ্মিভূত, ২ কোটি টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব বাজারে গত ২৬ ফেব্রুয়ারি রবিবার রাত ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইতিমধ্যে ৮টি দোকানের প্রায় ২ কোটি টাকার মামলা ভষ্মিভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, গত রবিবার রাতে প্রতিদিনের মতো বাজারের অনেক ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে বাড়ি চলে যান। কয়েকজন ব্যবসায়ী বাজারে ছিলেন, তারা হঠাৎ রাত ১১টার দিকে সমছু মিয়ার জালের সুতার দোকান থেকে আগুন দেখতে পান। তৎক্ষণাত ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস লোকজন আসার আগেই আগুন মুহূর্তের মধ্যে পাশের ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সহ সভাপতি ও সুরাইয়া ইলেকট্রনিক এর পরিচালক হাজী বেলাল আহমদ জানান, তিনি রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার ব্যক্তিগত একটি মিটিংয়ে চলে যান। রাত ১১টা ২০ মিনিটের সময় তার প্রতিবেশি ব্যবসায়ী ফোনে তাকে জানান, তার দোকানে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই বাজারে এসে দেখতে পান, তার টিভি, ফ্রিজ, এসি, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স, হার্ডওয়ার সহ সাইকেলের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা। তিনি আরো জানান, খাঁন ট্রেডার্স এবং জুনেদ খানের মুদির দোকানও আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে তাদের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়াও আরো কয়েকটি দোকানে ক্ষতি সাধিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের উপার্জনের একমাত্র অবলম্বন ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। নতুন ভাবে আবার ব্যবসা শুরু করতে অনেক টাকার প্রয়োজন। তাই তারা তাদের ব্যবসা শুরু করার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed