সিলেটে সোনিয়া হত্যা, তিন দিনের রিমান্ডে সজিব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কলেজ ছাত্রী সোনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামি সজিবকে (২৯) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে তোলার পর পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই জামিল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সোনিয়ার মামাতো ভাই সজিবকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সজিব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন। সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগের রাতে (শনিবার) সোনিয়াদের বাসায় রাত্রিযাপন করেন তার মামাতো ভাই সজিব আহমদ। রোববার সকালে সোনিয়া পরিবারের সদস্যদের সাথে নাস্তা করেন। এরপর পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে ভর্তি সোনিয়ার সৎ বাবা সেলিম মিয়াকে দেখতে সেখানে চলে যান। এর কিছুক্ষণ পর সজিবও বাসা থেকে বের হয়ে যান। দুপুর ১২টার দিকে সাড়া-শব্দ না পেয়ে সোনিয়ার ভাবি তাকে ডাকতে যান। সোনিয়ার কক্ষে ঢুকে তিনি তার গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ওই কক্ষ থেকে একটি রক্তমাখা কাঁচি জব্দ করে।
ওইদিনই সোনিয়ার পরিবারের সদস্যরা দাবি করেছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সজিব জড়িত। সোনিয়ার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। আর ঘটনার পর থেকে সজিব গা ঢাকা দেওয়ায় এ ব্যাপারে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। ছায়া তদন্তের এক পর্যায়ে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় সজিবের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed