Main Menu

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তালামীযে ইসলামিয়ার নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন পোড়ানোর ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ন্যাক্কারজনক এই ঘটনা সারা বিশ্বের মুসলমানদের ক্ষুব্ধ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে এমন ইসলামবিরোধী কাজের অনুমতি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কার্যকলাপ স্পষ্টতই মুসলমানদের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের একটি রূপ। সারা বিশ্বে মুসলমানদের নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর পাশাপাশি তথাকথিত সভ্য দেশগুলো নানাভাবে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানো হয়েছে, যা চরম ধৃষ্টতাপূর্ণ কাজ। এ ধরনের কার্যকলাপ বন্ধে ইসলামি রাষ্ট্রসমূহের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ না করা আমাদের হতাশায় পর্যবসিত করে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থির বিক্ষোভকালে কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ সময় দেশটির উগ্র ডানপন্থি রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। এর আগে প্রায় এক ঘন্টাব্যাপী ইসলাম ধর্ম ও সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে আক্রমণ করে গালিগালাজপূর্ণ বক্তব্য রাখেন তিনি। এসময় প্রায় শতাধিক সমর্থক তার পাশে ছিলো।

এর আগে গত বছরের এপ্রিলে, পবিত্র রামাদান মাসে কুরআন পোড়ানোর ‘সফর’ ঘোষণা করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন পালুদান। তার ওই কর্মসূচি ঘিরে সুইডেনে ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয়।

 

Share





Related News

Comments are Closed