Main Menu

সিলেটের ‘গোয়ালগাদ্দা’ শিম যাচ্ছে বিদেশের ১৩টি দেশে

বিশেষ প্রতিনিধি: কয়েক যুগ ধরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিশেষ জাতের ‘গোয়ালগাদ্দা’ শিম চাষ করছেন স্থানীয় কৃষকরা। খেতে সুস্বাদু হওয়ায় এই শিম দেশে-বিদেশে সমান জনপ্রিয়। ‘গোয়ালগাদ্দা’ শিম স্থানীয় চাহিদা মিটিয়ে যুক্তরাজ্য-কানাডাসহ ইউরোপের ১৩টি দেশে রপ্তানি হচ্ছে।

গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়ন লক্ষ্মণাবন্দ, লক্ষ্মীপাশা ও ফুলবাড়ি ইউনিয়নে সবচেয়ে বেশি এ শিমের চাষ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম গণমাধ্যমকে বলেন, এ বছর ৫৫৫ হেক্টর জমিতে ‘গোয়ালগাদ্দা’ শিম চাষ হয়েছে। আগামী বছর ৬০০ হেক্টর জমিতে এ শিমের চাষ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ৮৫ মেট্রিক টন শিম উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।

‘গোয়ালগাদ্দা’ শিমের ওপর ওই তিন ইউনিয়নের প্রায় ৪৫০টি পরিবার জড়িত। শিম চাষ করে প্রতি মৌসুমে একেকটি পরিবার পাঁচ-ছয় লাখ টাকা আয় করেন বলে জানিয়েছেন স্থানীয় সবজি চাষিরা। তারা জানান, ‘গোয়ালগাদ্দা’ শিমের বীজ এই তিনটি ইউনিয়ন ছাড়া অন্য কোনো এলাকায় নিয়ে রোপণ করলে ফলন তেমন ভালো হয় না।

উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ ‘গোয়ালগাদ্দা’ শিমের ক্ষেত দেখা যায়। স্থানীয় পুরকায়স্থবাজার ও চৌধুরীবাজারে হাটের দিন শিম বেচাকেনা হয়ে থাকে। এছাড়া কৃষকরা ক্ষেত থেকে শিম তুলে ঠেলাগাড়ি বা ভ্যানগাড়ি দিয়ে বিক্রির জন্য হেতিমগঞ্জ ও গোলাপগঞ্জ বাজারে নিয়ে যান। কেউ কেউ আবার ক্ষেতে থাকা অবস্থায় ব্যবসায়ীদের কাছে শিম বিক্রি করে দেন। অনেক সময় দেখা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে শিম কিনতে ট্রাক নিয়ে ব্যবসায়ীরা বাজারে হাজির হন। সিলেটের বিভিন্ন বাজারে এ শিম ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একজন সবজি ব্যবসায়ী জানান, প্রতি হাটে তিনি এখান থেকে শিম কিনে নিয়ে যান। এরপর তিনি এজেন্সির মাধ্যমে শিম ঢাকায় পাঠান। সেখান থেকে শিমগুলো দেশের বাইরে রপ্তানি হয়।

সবজি রপ্তানিকারক ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী বলেন, যুক্তরাজ্য, ইতালি, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ সহ বিশ্বের প্রায় ১৩টি দেশে গোলাপগঞ্জের ‘গোয়ালগাদ্দা’ শিম রপ্তানি হয়ে থাকে।

Share





Related News

Comments are Closed