Main Menu

মৌলভীবাজার কারাগারে হাজতীর মৃত‍্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা কারাগারে ৫৪ ধারায় আটক আলাউদ্দিন (৬০) নামে এক হাজতীর মৃত‍্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মারামারির ঘটনায় আটক এবং ৫৪ ধারায় আলাউদ্দিন (৬০) আটক ছিলেন।

সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিচারাধীন একটি মামলার হাজিরা দিতে আপন ভাই ফারুক আহমদসহ অন্যান্য আসামীদের সাথে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান আলাউদ্দিন। আদালত প্রাঙ্গণে অপেক্ষাকালীন সময়ে ওই মামলার বাদী সাইদুল ইসলাম আসামী ফারুক আহমদের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেন। আহত ফারুক আহমদের ভাই আলাউদ্দিন হামলাকারী সাইদুল ইসলামের কবল থেকে ভাইকে বাঁচাতে গিয়ে সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় আদালত পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামীর ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক হামলাকারী সাইদুল ইসলাম ও আলাউদ্দিনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কুদ্দুস আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গনমাধ‍্যমকে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ আলাউদ্দিন ও সাইদুল ইসলামকে কারাগারে নিয়ে আসে। এর একদিন পর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাত-পা কাঁপছিল। শারীরিক অবস্থা দেখে ধারণা করা হয় তিনি ডায়বেটিস, হার্টসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুপুর সোয়া বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed