বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডবের অভিযোগ প্রিন্সের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। প্রবেশের পর কার্যালয় ঘুরে দেখেছেন দলটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেছেন, কার্যালয়ে তাণ্ডব চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র খোয়া গেছে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যান এমরান সালেহ। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদেরও সঙ্গে নিয়ে কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
এমরান সালেহ বলেন, দুই দিন আগে নিরাপত্তারক্ষীর কাছে কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের চাবি বুঝিয়ে দেয় পুলিশ। কিন্তু নেতাকর্মীদের কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। তা ছাড়া ঢোকার মতো পরিস্থিতিও ছিল না।
১০ ডিসেম্বর শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি ছিল। তার আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হন। আহত হন অনেকে। সংঘর্ষের পরই কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নেতাকর্মীদের আটক করে পুলিশ। তারপর থেকে কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ ছিল। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হয়। এ গণসমাবেশের পরদিন রোববার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারলেন বিএনপির নেতাকর্মীরা।
দলটির সাংগঠনিক সম্পাদক বলেন, ‘প্রায় চার দিন পর আমরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পেরেছি। বিএনপির ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে সরকারের অনুগত প্রশাসন ৭ ডিসেম্বর আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে। না দেখলে বোঝা যাবে না, কী ধরনের তাণ্ডব এখানে হয়েছে।’
তিনি আরও বলেন, দলীয় চেয়ারপারসনের কক্ষের দরজা ভাঙা। কক্ষে যে জিনিসপত্র ছিল, তা নেই। দলের ভাইস চেয়ারম্যানের দপ্তরে তারা স্কাইপে সভা করেন। স্কাইপের মনিটর, সিপিইউ, ফাইলপত্রসহ কিছুই সেখানে নেই। হিসাব বিভাগে কম্পিউটার, সিপিইউসহ কিছু নেই। টাকা রাখার ড্রয়ার ভাঙা। সেখানে টাকা পাওয়া যায়নি। চেকবই পাওয়া যায়নি। কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার, স্ক্যানার, ল্যাপটপ খোয়া গেছে। ফাইলপত্রগুলো নেই। ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের দপ্তরগুলোও তছনছ করা হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে এমরান সালেহ বলেন, ‘সরকার দেশকে লন্ডভন্ড করে দিয়েছে। একইভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও তারা লন্ডভন্ড করে দিয়েছে। আমাদের চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে তারা এই কাজ করেছে।’
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed