Main Menu

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। আর পুলিশকে লক্ষ্য করে বিএনপি কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করছেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ বলছে, বিএনপির কর্মীরা রাস্তা বন্ধ করে বসে আছে। তাদের রাস্তা থেকে সরতে বলা হলে তর্কাতর্কি হয়। এরপরই পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করছে।

এর আগে দুপুর ১২টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। এরপরেই কার্যালয়ের সামনে পুলিশের প্রিজন ভ্যান এবং জলকামান আনা হয়।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে এক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছে। বিএনপি বলছে, তারা এই সমাবেশ নয়াপল্টনেই করবে। তবে ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা (বিএনপি) যে ঘোষণা দিচ্ছে ওইখানে (পল্টনে) বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি কিছু হয়ে থাকে, তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ২০ থেকে ২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব না। বড় সমাবেশ হলে সোহরাওয়ার্দীতে হয়। কিন্তু বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায়, সেটিও খতিয়ে দেখতে হবে।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলেও জানান মন্ত্রী।

এদিকে বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। নয়াপল্টনেই সমাবেশ করব। তবে পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে।

বিএনপি কর্মসূচি শান্তিপূর্ণ হবে জানিয়ে তিনি বলেন, আমরা নয়াপল্টনে সমাবেশের কথা বলেছি। এখন বিকল্প দরকার হলে সরকারকে গ্রহণযোগ্য প্রস্তাব দিতে হবে।

Share





Related News

Comments are Closed