Main Menu

ঢাকা থেকে চুরি হওয়া শিশু সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভার থেকে চুরি হওয়া পাঁচ মাসের এক শিশুকে সিলেট থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) সিলেট মহানগর পুলিশের সহায়তায় বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আবদুস সামাদ নামের শিশুটিকে উদ্ধার করে।

গ্রেফতার হওয়া দম্পতি পারভিন আক্তার ও রনি মিয়া।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর বাগবাড়ি এলাকার কয়েস মিয়ার কলোনি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। এ সময় তাদের সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের লামাবাজার ফাঁড়ির সদস্যরা। শিশুটিকে উদ্ধারের পর দুপুরেই শিশুটিসহ গ্রেফতার দম্পতিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’

এদিকে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এক আসামি তারমিম পলাতক রয়েছে, অপর দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, রোববার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সাভার বাজার রোডের ডাচ-বাংলা ব্যাংকের পেছনে নুরন্নাহার চৌধুরীর বাসা থেকে শ্রমিক দম্পতি মোন্নাফ খান ও নাজমা বেগমের সন্তান চুরির ঘটনা ঘটে। সকাল ১১টা ৪৫ মিনিটে ওই বাড়ির সামনে একটি দোকানের সিসি ক্যামেরায় শিশু সামাদকে এক নারী দ্রুত নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন শিশুর বাবা মোন্নাফ খান।

Share





Related News

Comments are Closed