Main Menu

সিলেটের ফুটপাতে শীতের কাপড় কিনতে ক্রেতাদের ভীড়

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ধীরে ধীরে বাড়ছে শীত। আর শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে স্থানীয় বাজারে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বিভিন্ন ধরনের গরম কাপড় পাওয়া যাচ্ছে সিলেটের দোকানগুলোতে।

অত্যাধুনিক বিপনি বিতান থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় এখন চাহিদা বেড়েছে গরম কাপড়ের।

বিশেষ করে কম্বল, জ্যাকেট, সুয়েটার, ক্যাপ, মোজা সহ শীতের নানান ধরনের পোশাক বিক্রি এখন বেড়েছে।

সিলেট নগরীর হকার্স মার্কেট, হাসান মার্কেট, কানিজ প্লাজা, আল-হামরা ও সিটি সেন্টারসহ বিভিন্ন মার্কেটে দেখা যায় গরম কাপড়ের রমরমা ব্যবসা। তবে মার্কেটের চেয়ে গরম কাপড়ের দাম ফুটপাতে কম থাকায় ক্রেতাদের ভিড় সেখানে বেশি।

সরেজমিনে নগরীর বন্দর বাজার, হকার্স মার্কেট, জিন্দাবাজার, আম্ভরখানা এলাকা ঘুরে দেখা যায় সীমিত আয়ের মানুষ অপেক্ষাকৃত কম দামে গরম পোশাক কিনতে ভীড় করছেন ফুটপাতে।

সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, সিটি পয়েন্টসহ ফুটপাতে শীতের কাপড় কেনাবেচার ধুম পড়েছে। নানা পেশার লোকজন দাম কম থাকায় কাপড় কিনতে ভীড় জমিয়েছেন ফুটপাতে। ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত কিনতে মিলছে শীতের কাপড়। ফুটপাতে বেশি বিক্রি হচ্ছে ছোটদের শীতের পোশাক।

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লাবণী বলেন, ছোট ছোট ভাই-বোনদের জন্য শীতের কাপড় ক্রয় করতে এসেছেন। মার্কেটের চাইতে ফুটপাতে কাপড়ের দাম সাধ্যের মধ্যে থাকায় এখানে অনেকেই জ্যাকেট, সুয়েটার, মোজা কিনছেন।

ফুটপাতে কাপড় বিক্রেতাে আল-আমিন জানান, শীত ধীরে ধীরে বাড়ছে। তাই আমরা শীতের কাপড় সাজিয়ে রাখছি বিক্রিও বাড়ছে। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য সব ধরনের শীতের কাপড় রয়েছে ।

তিনি জানান, বড়দের পাশাপাশি ছোটদের কাপড় বেশি বিক্রি হচ্ছে।

বিক্রেতা হাসমত মিয়া বলেন, গরম কাপড়ের বিক্রি শুরু হয়েছে। এখন দাম একটু কম, তবে শীত বাড়লে কাপড়ের দাম আরও বাড়বে। ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত শীতের কাপড় বিক্রি করছেন তারা।

Share





Related News

Comments are Closed