আয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস
বৈশাখী নিউজ ডেস্ক: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সময় বাড়ানোর এ ঘোষণা দিয়েছেন।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ ৩০ নভেম্বর। তবে গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী মোট ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর।
এর আগে গতকাল মঙ্গলবার করোনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২২-২০২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এছাড়া ২০২২-২০২৩ করবর্ষের পরিপত্র বিলম্বে পাওয়ায় ও বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর আবেদন করেছিল দেশের ৬৭টি কর আইনজীবী সমিতি। আর সমিতিগুলোর দাবির সঙ্গে একমত পোষণ করে তাদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন।
করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে।
দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। তবে এখন পর্যন্ত ২২ লাখের মতো রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। শেষদিনে আয়কর অফিসে করদাতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল। এবারও সেই পথে হাঁটছে এনবিআর।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed