Main Menu

ওসমানী মেডিকেল থেকে শিবিরের প্রচারপত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রাবাসের একটি বন্ধ কক্ষ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই কক্ষটি ছাত্রশিবিরের নিয়ন্ত্রাধিন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে সিলেট কতোয়ালি মডেল থানা পুলিশ ছাত্রাবাসের একটি কক্ষে অভিযান চালিয়ে কুড়াল, হকিস্টিক, ক্র্রিকেট স্টাম্পসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে। এসময় শিবিবের বিভিন্ন বই এবং প্রচার সামগ্রীও উদ্ধার করা হয়।

এমএজি ওসমানী মেডিকেল কলেজে পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, মঙ্গলবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রবাসের দীর্ঘদিন থেকে বন্ধ থাকা শিবিরের নিয়ন্ত্রণাধীন একটি কক্ষে দেশীয় অস্ত্র ও প্রচার সামগ্রী দেখতে পান কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা কলেজ প্রশাসন ও স্থানীয় পুলিশকে খবর দিলে কক্ষটি খোলে হকিস্টিক, কুড়ালসহ শিবিবের বিভিন্ন ধরণের প্রচার সামগ্রী জব্দ করা হয়।

জুয়েল চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধার করা হলেও ওই কক্ষে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের অভিযানকালে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. নাজমুল ইসলামসহ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধরণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ডা. সৌমিত্র খুনের পর থেকে ওসমানী মেডিকেল কলেজে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ রয়েছে। কিন্তু কৌশলে ছাত্র শিবির ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী ও রিপোর্টার্স ক্লাবের নামে সক্রিয় হয়ে ওঠে। ইদানিং তারা কলেজ ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অস্ত্র মজুদ ও দলীয় প্রচারপত্র বিলি করার চেষ্টা করছে বলে আমরা জানতে পারি। পরে কলেজ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে। এসময় পুলিশ এসে ওই কক্ষ থেকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র ও লিফলেট জব্দ করে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এসব অস্ত্র ও প্রচারসামগ্রীর খোঁজ পান এবং ফাঁড়ি পুলিশের সহায়তায় তা উদ্ধার করা হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Share





Related News

Comments are Closed