Main Menu

সিলেটে সাংবাদিকদের সাথে স্বর্ণ ব্যবসায়ীদের অসদাচরণ

বৈশাখী নিউজ ডেস্ক: স্বর্ণ ব্যবসায়ীদের অসদাচরণের শিকার হয়েছেন সিলেটে কর্তব্যরত সাংবাদিকরা। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এমন ঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুর ১২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশি করে। এ ঘটনায় সিলেটে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে মার্কেটের ব্যবসায়ীরা বাধা দেন।

পরে সাংবাদিক ব্যবসায়ীদের কথাকাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীরা সাংবাদিকদের অসৌজন্যমূলক আচরণ করে ক্যামেরা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। ব্যবসায়ীরা সাংবাদিকদের উপর হামলা করে মার্কেট থেকে বের করে দেয়। পরে সিলেটের সাংবাদিক ও স্বর্ণ ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নেন।

এদিকে সাংবাদিকদের সাথে অসদাচরণ ও মার্কেট থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার প্রতিবাদে সিলেটে কর্মরত সাংবাদিকরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশের আশ্বাসে সড়ক ছাড়েন সাংবাদিকরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ মাহমুদ বলেন, চোরাই স্বর্ণ উদ্ধারে অভিযান চলাকালে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি মিটমাট করে দেওয়ার চেষ্টা চলছে।

জানা যায়, গত ২৬ অক্টোবর নগরীর লালাদিঘীরপাড় এলাকার বাসিন্দা সাংবাদিক আশরাফুল কবীর ও গৃহিনী শাহানা আক্তার দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে ২১ লাখ টাকা মূল্যের ২৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে নিয়ে পুলিশ স্বর্ণ উদ্ধারে অভিযানে নামে।

 

Share





Related News

Comments are Closed