Main Menu

সিলেটে আহ্জুমানে হেফাজতের ইজতেমা পেছানোর নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আহ্জুমানে হেফাজতে ইসলামের দু’দিনের ইজতেমা পেছানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

আগামী ১৭ ও ১৮ নভেম্বর এই ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টির আশঙ্কায় পুলিশ প্রশাসন ১৯ নভেম্বরের পরে ইজতেমার নতুন তারিখ নির্ধারণের পরামর্শ দিয়েছে আয়োজকদের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই সিদ্ধান্তের কথা আয়োজকদের জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুদিপ দাস।

তিনি জানান, বিএনপির বিভাগীয় গণসমাবেশ ১৯ নভেম্বর। এ অবস্থা্য় ইজতেমার জন্য ১৯ নভেম্বরের পর নতুন তারিখ নির্ধারণের জন্য আয়োজকদের বলা হয়েছে।

তিনি বলেন আমাদের কাছে খবর রয়েছে, ইজতেমা ঘিরে কোনো কুচক্রি মহল অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তাই কমিশনার স্যারের নির্দেশনায় আমরা ইজতেমাটি কর্তৃপক্ষকে ১৯ নভেম্বরের পরে আয়োজনের জন্য বলা হয়েছে।

এর আগে ১২ নভেম্বর সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র পক্ষ বলা হয়- ধর্মীয় ও অরাজনৈতিক এ সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হচ্ছে। দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) ফজরের নামাজের পরপরই শুরু হয়ে ইজতেমাটি পরদিন (১৮ নভেম্বর) বাদ জুম্মা শেষ হওয়ার কথা ছিলো।

এ লক্ষ্যে প্যান্ডাল ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিলো। এরই মাঝে আসলো পুলিশের এ নির্দেশনা।

সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ মঙ্গলবার রাত ৯টার দিকে বলেন খবর শুনে এইমাত্র আমাদের অফিসে এসেছি। এখনই এ বিষয়ে কিছু বলতে পারছি না।

এদিকে অনেক আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সিলেট বিভাগীয় মহাসমাবেশ বা গণসমাবেশ আহ্বান করে। তারা দীর্ঘদিন থেকে টানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা বা বিশৃংখলা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় প্রশাসন ইজতেমার তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিতে বলেছে আয়োজকদের।

Share





Related News

Comments are Closed