Main Menu

সিলেটে কামাল হত্যা, নগরীতে বিএনপির বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামালের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, লাঠি মিছিল ও সড়কে অগ্নিসংযোগ করেছে বিএনপি।

রোববার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় দুর্বৃক্তদের ছুরিকাঘাতে খুন হন কামাল। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তাঁর বাসা মহানগরের সুবিদবাজার এলাকায়।

বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে চৌহাট্টা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে লাঠিসোটা ছিলো। তারা মিছিল দিয়ে চৌহাট্টা থেকে রিকাবিবাজার পয়েন্টের দিকে যেতে থাকেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন।এসময় দুপক্ষের মাঝে বেশ কয়েকবার ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে ।

এছাড়াও এসময় কয়েকটি দোকানের শাটার ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকলেও আগুন দিয়ে পুড়ানো হয়।

খবর পেয়ে দ্রুত কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে দুদিকে তাড়িয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সাংবাদিকদের বলেন- উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ওখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

এছাড়াও আ ফ ম কামাল খুনের খবর ছড়িয়ে পড়লে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। একই সময়ে নগরের জিন্দাবাজার সড়কে লাঠি-সোটা নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

Share





Related News

Comments are Closed