Main Menu

সিলেটের লালবাজারে ১৫০ কেজির বাঘাইড়, কেজি ধরে বিক্রি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর অন্যতম মাছের বাজার লালবাজারে কেজি ধরে বিক্রী করা হলো প্রায় ১৫০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে মাছটি কেটে ১৮শ’ টাকা কেজি দরে বিক্রী করা হয় বলে জানা গেছে।

এর আগে, গত সোমবার রাতে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। পরদিন মঙ্গলবার সকালে বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন মৎস ব্যবসায়ী বিলাল মিয়া। তবে মঙ্গলবার মাছটি বিক্রি না করে বুধবার (২৬ অক্টোবর) মাছটি কেটে ২ হাজার টাকা কেজি ধরে বিক্রি করবেন বলে জানিয়েছিলেন বিলাল।

তিনি জানান, কুশিয়ারা নদী থেকে এক মাছ শিকারীর কাছ থেকে বাঘাইড়টি কিনে এনেছেন। মাছটি কেটে বিক্রি করলে আড়াই থেকে ৩ লাখ টাকা পাবেন বলে বিলাল আশা করছেন।

এদিকে, মাছটি দেখার জন্য মঙ্গলবার বিকেলে অনেকেই বাজারে ভিড় করেন। এর আগে গত বছরের ২৩ মার্চ একই নদীতে ৩০০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে। এছাড়া চলতি বছরের ১২ জানুয়ারি সুরমা নদীতে ১২০ কেজি ওজনের আরেকটি বাঘাইড় মাছ ধরা পড়ে। প্রায় প্রতি বছরই সুরমা ও কুশিয়ারা নদীতে বড় সাইজের একাধিক বাঘাইড় ধরা পড়ে বলে জানিয়েছেন মৎসজীবীরা।

Share





Related News

Comments are Closed