Main Menu

ঢাকায় না পেরে ইয়াঙ্গুন-সিলেটে অবতরণ, ৬০ ফ্লাইট বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কয়েকটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুনে এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। এ ছাড়া তিনটি এয়ারলাইনসের ৬০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি-৮৮৩ ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে নামে বলে জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র। এটি সকালে গুয়াঞ্জু থেকে রওনা হয়ে বিকেলে ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে মিয়ানমারে যায়।

সূত্র আরও জানায়, এ ছাড়া টরন্টো ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ করে।

তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু পাইলটের সিদ্ধান্তে কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং নভোএয়ারের প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিমানের ১০টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় অঞ্চলের ৩ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সার্কুলারে তথ্য জানায়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

Share





Related News

Comments are Closed