জৈন্তাপুরে জয়নাল হত্যায় ২ জনের আমৃত্যু ও ৯ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অটোটেম্পো চালক শ্রমিক ইউনিয়নের দরবস্ত শাখার কোষাধ্যক্ষ ক্যারী ক্যাব গাড়ী চালক জয়নাল আবেদীন হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদন্ড ও ৯ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড হয়েছে। মামলায় একজনের বেকসুর খালাস হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: ইব্রাহিম মিয়া এ রায় দেয়।
আমৃত্যু দন্ডপ্রাপ্তরা হচ্ছে, জৈন্তাপুর থানার করগ্রামের মৃত ছয়ফুল আজম পাটোয়ারীর পুত্র মামুন আহমদ (৩২) ও একই থানার মানিকপাড়ার আব্দুস সাত্তারের পুত্র কবির আহমদ (৪০)।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হচ্ছে, জৈন্তাপুর থানার করগ্রামের মৃত ছয়ফুল আজম পটোয়ারীর পুত্র তরিকুল ইসলাম (৩৫), তার ভাই আখলাকুল আম্বিয়া (৪৫), একই থানার চাল্লাইন গ্রামের মুজম্মিল আলীর পুত্র আলী আহমদ ওরফে আলী (২৯), একই গ্রামের মৃত আছদ আলীর পুত্র জিয়াউর রহমান (৩৬), উপর মহাইল গ্রামের মঈন উদ্দিনের পুত্র আলীম উদ্দিন (২৬), চাল্লাইন গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জমির উদ্দিন (৪১), করগ্রামের নূরুল হকের পুত্র সুহেল আহমদ (২৪), খলাগ্রামের আফতাফ হোসেনের পুত্র ইশবাল আহমদ (২২) ও উপর মহাইল গ্রামের মাহমুদ আলীর পুত্র রাহিন আহমদ (৩০)। জৈন্তাপুর থানার করগ্রামের মৃত ছয়ফুল আজম পাটোয়ারীর পুত্র ও আমৃৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী মামুন আহমদের ভাই মুহিবুল হক (৩৮)-কে মামলা থেকে খালাস দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে ৭ আসামী পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে দরবস্ত অটোটেম্পো চালক শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে ধারালো অস্ত্রাঘাতে রক্তাক্ত জখম হন জয়নাল। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৬ সেপ্টেম্বর সকাল পৌনে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জয়নাল আবেদীনের পিতা জৈন্তাপুর থানার দরবস্ত ফান্দু গ্রামের মো: মনফর আলী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে জৈন্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে জৈন্তাপুর থানার এসআই সুশান্ত পাল ২০১৫ সালের ২৭ মার্চ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ১০ আগস্ট আদালত এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ৩০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত ৩০২ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামীদের বিরুদ্ধে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার ও আসামীপক্ষে এডভোকেট লুৎফুর কিবরিয়া শামীম মামলাটি পরিচালনা করেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed