Main Menu

ওসমানীনগরে ৫ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ৫দিন ধরে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুঁজির পর অবশেষে গত বুধবার (১২ অক্টোবর) ওসমানীনগর থানায় সাধারণ ডায়রী করেছেন। ডায়েরী নং ৬২৯।

নিখোঁজ হওয়া আমিরুল ইসলাম (১৬) উপজেলার কিয়ামপুর গ্রামের খাইরুল ইসলামের পুত্র এবং উমরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র।

জানা গেছে, গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে আমিরুল ইসলাম আর বাড়িতে ফিরে আসেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন সে মাদ্রাসায়ও যায়নি। পরে আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুঁজির পর তার সন্ধান না পেয়ে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজের পিতা খাইরুল ইসলাম। তবে, নিখোঁজ আমিরুলের পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে। একাধিক মোবাইল ফোন যোগে নিখোঁজের পরিবারকে অপহরণের কথা বলে নানা ভাবে অর্থ দাবি করছে একটি চক্র।

নিখোঁজের পিতা খাইরুল ইসলাম বলেন, আজ সকাল ১১টার দিকে আমাদের মোবাইলে কল আসে আমার ছেলেকে ফিরিয়ে আনতে হলে সিলেট নগরের লাল বাজার যেতে হবে। তাদের কথা মতো আমরা প্রস্তুুতি নিলেও বার বার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধারে থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed