সিলেটে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে ১ লাখ ৮৫ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত বুধবার শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের ছাতক উপজেলার খরজখালী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে মো. তমিজ আলী (৪০), সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার মৃত এংরেজ মিয়ার ছেলে মো. সাজ্জাদ মিয়া (৪৫), একই থানাধীন আম্বরখানা বড়বাজার এলাকার মল্লিকা ৬৪/২-এর মৃত শেখ মজিদ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩৫) ও কোতোয়ালি থানাধীন মিরাবাজার এলাকার বসুন্দরা-৪ এর মৃত রমেন্দ্র নারায়ন দেবের ছেলে তপু রঞ্জন দেব (৩৫)।
এরআগে সোমবার (১০ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর ভোর ৫টার দিকে সৈয়দ এমরান হোসেন (৪৫) নামের একজন কাপড় ব্যবসায়ী ব্যবসার মালামাল আনার জন্য জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টের আল-সাফা রেস্ট হাউজের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় উল্লিখিত ৪ আসামি ২টি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে এসে এমরানের গলায় ছুরি ধরে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে নগরীর জিন্দাবাজারস্থ সবুজ বিপনী রেস্ট হাউজের ৪র্থ তলার একটি রুমে নিয়ে আটক করে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এমরানের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি ও তাকে মারধর করেন অভিযুক্তরা। এসময় এমরানের সঙ্গে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এছাড়াও আরও চাঁদা আদায়ের জন্য এমরানের গলায় চাকু ধরে স্ত্রী তাহমিনা বেগমের ইমুতে ভিডিও কল দেয় সেটি দেখায় আসামিরা। পরে স্বামীর জীবন বাঁচাতে অপহরণকারীদের কথামতো বিকাশের মাধ্যমে ১ লক্ষ টাকা প্রেরণ করেন তাহমিনা। পরদিন শনিবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় পরবর্তীতে দক্ষিণ সুরমা থানায় এমরান মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ১০ অক্টোবর অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। এসময় অপহরণকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার বলেন, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়ে আমরা অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার ও একটি মোটর সাইকেল জব্দ করেছি। আসামীদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed