Main Menu

সংসদ সদস্য এ্যানি রহমান আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানি রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১টা ৪৫ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন এ্যানি।

এদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

ফেসবুকে শিক্ষামন্ত্রী লেখেন, তিনি (এ্যানি রহমান) আমার কাছে ছিলেন চাচি। আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শেখ হাফিজুর রহমান চাচাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই।

দীপু মনি আরও লেখেন, জাতীয় সংসদের লবিকে আদর-উচ্ছ্বসে ভরিয়ে রাখতেন। নিজ এলাকার মানুষের জন্য তার ছিল অপার ভালোবাসা। তাদের উন্নয়নের জন্য কী কী করবেন তা নিয়ে ভাবতেন। মন্ত্রীদের অনুরোধ করতেন। চাচির মতো সদাহাস্যময়ী ও স্নেহপ্রবণ মানুষ কমই হয়। অনেক স্নেহ পেয়েছি তার কাছ থেকে। আমি ঋণী হয়ে রইলাম।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ এ্যানি রহমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে সদস্য নির্বাচিত হন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।

তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে ১৯৬০ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন শিকদার জানান, সংসদ সদস্য শেখ এ্যানী রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন তিনি বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফসসাপোর্টে ছিলেন।

সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম,  জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ. কে. এম. এ. আউয়াল, পিরোজপুর পৌরসভারমেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed