Main Menu

মহারাষ্ট্রে বাসে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিৎসা চলছে।

শনিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে নাসিক শহরের আওরঙ্গবাদ রোডে মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নাসিকের ডেপুটি কমিশনার অব পুলিশ অমল তাম্বে জানান, এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশির ভাগই বিলাসবহুল বাসের যাত্রী ছিল।তবে তাদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিশাল এক অগ্নিকুণ্ড বাসকে আচ্ছন্ন করেছে। দমকলকর্মীরা আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং পরে তারা পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দিলে দ্রুত তাদের উদ্ধার করা হয়।

এদিকে, এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দাদা বসু বলেন, আহতদের চিকিৎসা খরচ বহন করবে সরকার।

-খবর এনডিটিভি।

Share





Related News

Comments are Closed