Main Menu

জয় দিয়ে এশিয়া কাপ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের কাছে হেরে চার বছর আগে এশিয়া সেরার মুকুট হারিয়েছিল ভারত। তাই এবার শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার মিশনে নেমেছে হারমানপ্রীত করের দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্টে অবশ্য তেমন বেগ পেতে হয়নি শক্তিশালী ভারতকে। দ্বীপ দেশটিকে ৪১ রানে হারিয়ে টুর্নামেন্টে ভালো শুরু পেয়েছে ৬ বারের চ্যাম্পিয়নরা।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে তাদের মাঠে হারিয়ে আসা ভারতের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। দলীয় ২৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

তৃতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন জেমিনা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কর। দুজন মিলে ৯২ রানের জুটি গড়ে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ৫৩ বলে ৭৬ রান করে জেমিনা আউট হলে ইনিংসের শেষদিকে খুব বেশি রান তুলতে পারেনি ভারত। ১৫০ রানের থামে ভারতের ইনিংস।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং করেন দুই লঙ্কান ওপেনার। দলীয় ২৫ রানে অধিনায়ক চামারি আতাপাত্তু ফিরলে প্রথম ধাক্কা খায় দ্বীপ দেশটির নারীরা। এরপর রানের চাকা সচল রাখতে গিয়ে দ্রুত উইকেট হারাতে থাকে তারা।

হাসিনি পেরেরা লড়াইটা চালিয়ে গেলেও ৩০ রানের বেশি করতে পারেননি। ১০ বল বাকি থাকতেই ১০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন অফস্পিনার ডেলেন হেমালতা। দুটি করে উইকেট নিয়েছেন পুজা ও দীপ্তি শর্মা।

Share





Related News

Comments are Closed