Main Menu

সিলেট জেলা যুবদলের সম্মেলন শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা যুবদলের সম্মলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ইতোমধ্যে সম্মেলন সফলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বহুল প্রত্যাশিত রেজিষ্টারী মাঠের সম্মেলনে শনিবার সকাল সাড়ে ৮টার মধ্যে উপস্থিত থেকে সম্মেলনকে সফলের জন্য নির্বাচন কমিশনার, কাউন্সিলের প্রার্থী, কাউন্সিলার, স্বেচ্ছাসেবকসহ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু।

দলীয় সূত্র জানিয়েছে, ২০১৯ সালে জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। সময় পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এরপর সম্প্রতি সরকার বিরোধী আন্দোলনের গতি বৃদ্ধি পেতে থাকলে সাংগঠনিক কর্মকান্ড কিছুটা জোরদার হয়েছে। এই অবস্থায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোড়জোড় চলছিলো। এরমধ্যে সম্মেলন ও কাউন্সিলের ঘোষণা আসে। এরপর পাল্টে যেতে থাকে সকল হিসাব নিকেষ। কাউন্সিলে সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ, মহানগর বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহেদ আহমদ চমন।

আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেসার ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। নির্বাচনে ৫৮৭ জন কাউন্সিলর জেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর সিলেট জেলা যুবদলের কাউন্সিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার পরদিন রোববার মহানগর যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed