Main Menu

স্ত্রী ছেড়ে যাওয়ায় কবরে বসবাস স্বামীর

বৈশাখী নিউজ ডেস্ক: ভালবেসে বিয়ে। তবুও স্ত্রী চলে গেছেন বাপের বাড়ি। আর সেই দুঃখে নিজেই কবর খুঁড়ে তার মধ্যে ঠাঁই নিয়েছেন এক যুবক। এলাকাবাসী তাকে কবর থেকে উদ্ধার করেছেন।

সোমবার (২২ আগস্ট) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ১৮ বছর আগে ঈশ্বরকাঠি গ্রামের রসুল ফকিরের ছেলে মো. কাবিলা ফকির একই উপজেলার পাওতা গ্রামের দেনছের আলী হাওলাদারের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। এরপর আরও দুটি বিয়ে করেন কাবিল ফকির। তবে আসমাসহ তিন স্ত্রীকে নিয়েই বসবাস করে আসছিলেন তিনি।

কয়েক মাস আগে পারিবারিক বিরোধের জেরে আসমা তার তিন বছরের সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান। তাকে কয়েকবার বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন কাবিল। এ কারণেই জীবন্ত কবরে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কাবিল বলেন, ‘ভালবেসে আমি আসমাকে বিয়ে করেছি। আমার সাড়ে তিন বছরের একটি ছেলেও আছে। ওদের ছাড়া আমার জীবন বৃথা। ওদের না পেলে আমি কবরে বসেই মরে যাব, বেঁচে থেকে জীবন্ত লাশ হতে চাই।’

এ বিষয়ে ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান এ কে এম আবদুল হক বলেন, ‘কাবিল মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই তিনি পাগলামি করছেন। নিজের কবর খোঁড়ার খবর পেয়ে আমি তার অভিভাবকের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য বলেছি।’

Share





Related News

Comments are Closed